আজ ১০ সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধযোগ্য—এ গুরুত্বপূর্ণ বার্তাটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৩ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি পালনে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ফেডারেশন একসঙ্গে কাজ করে।
২০১৪ সালে ডব্লিউএইচও প্রকাশিত মানসিক স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বজুড়ে নিম্ন আয়ের কোনো দেশেই আত্মহত্যা প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো কৌশল বা কর্মপন্থা নেই। তবে মধ্য আয়ের দেশগুলোতে ১০ শতাংশ এবং উচ্চ আয়ের দেশগুলোতে এ প্রতিরোধ ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।