রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় একদিনে ১৪ জনের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী চট্টগ্রাম, কক্সবাজার ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

মৌলভীবাজারের কমলগঞ্জে চিরকুট লিখে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রুনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় তার স্বামী মো. জাকির হোসেন ওরফে নুরুল হককে আটক করেছে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

ময়মনসিংহ নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোনিয়া আক্তার (২৫) ও সোহাগ (২৮) নামে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনিয়ার সাত বছর বয়সী ছেলে সাজিদ গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে গিয়ে সুমি খাতুন (৭), খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৬) পানিতে ডুবে মারা যায়।

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শাহানাজ পারভীন বিনা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছেন।

নাটোরের সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাফায়েত (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় কোহিনুর বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পূর্বদেলুয়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রায় চার ঘণ্টা পর স্থানীয় জেলে ও বাসিন্দারা তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই মোহাম্মদ নিশান (১২) এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরজিন (১০) মারা যায়। তারা শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102