মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ডেঙ্গুতে দুদিনে দুজনের মৃত্যু, ৫ মাসে ১৮৪৭ জন ভর্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে। গত দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন দুই দিনে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রিজভী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়। মৃত রিজবী ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা লিটনের ছেলে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার ভোরে আব্দুল খালেক নামে একজনেন মৃত্যু হয়। মৃত আব্দুল খালেক নেত্রকোনা জেলার পূর্বধলা থেকে গত ৬ সেপ্টেম্বর দুপুরে ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০১ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ, ২০ জন নারী এবং ১৩ জন শিশু।

হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের মে মাস থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

রোগীর চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জায়গার সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ভেতরে জায়গা না থাকায় বারান্দাতেও রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102