মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

‘জেল খাটার অভিজ্ঞতা’ পেতে শিশুদের হাতে শিশু খুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সি শিশু হোসাইন হত্যা মামলার তদন্তে নেমে হত্যার পেছনে চাঞ্চল্যকর এক কারণ খুঁজে পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার ছয় শিশু ও কিশোর কেবল ‘জেল খাটার অভিজ্ঞতা’ পাওয়ার কৌতূহল থেকে শিশু হোসাইনকে হত্যা করে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

হত্যাকাণ্ডে জড়িত ছয়জনের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান এসপি।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল ফতুল্লার শিয়াচর এলাকার ফুল বিক্রেতা সুমনের ছেলে হোসাইন নিখোঁজ হয়। পাঁচদিন পর গত শুক্রবার শিশুটির মরদেহ ফতুল্লা রেললাইন এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

এসপি মিজানুর রহমান বলেন, নিখোঁজের দিন সকালে শিশুটি ওই পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যায়। পরে সেখানে ছয়জন মিলে হোসাইনকে হত্যা করে। অভিযুক্তরা সকলেই মাদকাসক্ত। তারা জেল খাটলে কেমন লাগে, কেমন অভিজ্ঞতা হয় এই কৌতূহল থেকে কাউকে হত্যার পরিকল্পনা করে। ওই দিনই দুর্ভাগ্যক্রমে শিশু হোসাইন ওই পথ দিয়ে যাচ্ছিল। এবং পুরোনো কোনো দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও শিশুটিকে অভিযুক্তরা ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে হত্যা করে। হত্যার পর মরদেহটি সেখানে ফেলেই পালিয়ে যায়। তবে, মরদেহের বিষয়ে খোঁজ রাখতে আরেকজনকেও এই হত্যাকাণ্ডে বিষয়টি জানানো হয়।

মরদেহটি উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ এবং প্রথমে তাকে গ্রেপ্তার করে। ১৮ বছর বয়সি ওই কিশোর পুলিশকে তখন পুরো বিষয়টি জানায়। পরে পুলিশের তদন্ত দল রোববার (২৬ এপ্রিল) দুজনকে বরিশাল থেকে এবং বাকিদের ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের স্থায়ী নিবাস বিভিন্ন জেলায় হলেও পরিবারের সঙ্গে ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় থাকে।

তবে এ ঘটনায় এখনো একজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন এসপি। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ভবনটির একপাশে ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102