বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

‘গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন, ‘গণভোটের রায় মেনে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। যেই রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এত সম্মান ও কদর করে, সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ সরকার মানতে নারাজ।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সংবিধান ও আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবার রাজপথে নামবে। তবে রক্তক্ষয়ী পরিস্থিতি এড়িয়ে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে সরাসরি অংশগ্রহণ করেছে। আব্দুস সবুর ফকির আরও বলেন, সরকার যদি জনগণের মতামত উপেক্ষা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আপোসহীন ভূমিকা অব্যাহত থাকবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সবুর ফকির আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ কেন ছিন্নমূলবস্তি, ফুটপাত বা রাস্তার ধারে থাকতে হচ্ছে, তার কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। ‘মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কেবল ক্ষমতাসীনরা সুবিধা পায়, সাধারণ জনগণ শোষণের শিকার হয়। শোষণ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এতে সমাজে বৈষম্য থাকবে না এবং প্রতিটি নাগরিক সমান অধিকার ও সুযোগ পাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম। পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহেরসহ অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ।

রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আব্দুস সবুর ফকির বলেন, আল্লাহর ভয় নিজের মাঝে ধারণ করা এবং কথা ও কাজে মিল রাখাই রমজানের শিক্ষা। তিনি অভিযোগ করেন, সরকার মুখে যে প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে তার বিপরীত কাজ করছে। ‘নির্বাচনের আগে দেশের জনগণকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানানো হয়েছিল। জনগণ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছে, কিন্তু বর্তমান সরকার তা মানছে না। জুলাই আদেশ ও গণভোটের রায় আদালতের দিকে ঠেলে দিয়ে সরকার বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে। এটি সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারও আওয়ামী লীগের মতোই জনগণকে শাসন ও শোষণ করতে চাচ্ছে। তাই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102