নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া এবং স্থায়ী কমিটির দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
সকালের সেশনে ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগসহ ঢাকা জেলা এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলের সেশনে অংশ নেবেন সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
দলীয় সূত্র জানায়, ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ, মন্ত্রণালয় পরিচালনা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখার বিভিন্ন দিক তুলে ধরছেন।