শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক করবেন পল কাপুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রা‌ত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের ঢাকা সফর নিয়ে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102