মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকান ও সংলগ্ন কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আধাঘণ্টার মধ্যেও আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ সমকালকে বলেন, রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরিস্থিতি বিবেচনায় একে একে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, কাঠ দাহ্যবস্তু হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। কাঠের দোকানে লাগা আগুন পাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে। শুরুতে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আগুনের আতঙ্কে কারওয়ান বাজার এলাকায় সবজিবাহী ট্রাক ঢোকা ও পণ্য আনলোডের কার্যক্রম ব্যাহত হয়। এ সময় আতঙ্কিত লোকজন ছোটাছুটি করেন। রাত সোয়া ১১টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে পুরান ঢাকার বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায়ও আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সাততলা একটি ভবনের চতুর্থ তলায় ওই জুতার কারখানাটি অবস্থিত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102