তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে দেখা গেল অভিনেতা-রেসার অজিত কুমারের মিশেলিন ল্য ম্যান্স কাপের রেসে। যুক্তরাজ্যের সিলভারস্টোনে অনুষ্ঠিত এই রেসে বিজয়ের সঙ্গে অজিতের সাক্ষাৎ এবং ত্রিশার সেখানে পৌঁছানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলভারস্টোনে পৌঁছান তৃশা। জিনস, টি-শার্ট ও মেরুন রঙের জ্যাকেট পরা অবস্থায় গাড়ি থেকে নেমে রেসিং সার্কিটের টেন্টে ঢুকতে দেখা যায় তাকে। তার সেখানে আসার ভিডিওও দ্রুত ভাইরাল হয়। রেসে তৃশা থাকবেন কি না, তা নিয়ে আগে থেকেই ভক্তদের মধ্যে আলোচনা চলছিল। কেউ কেউ ধারণা করেছিলেন, তিনি হয়তো রেসে যাবেন না।
এদিকে, সিলভারস্টোনের আরেকটি ভিডিওতে দেখা যায়, অজিতের দিকে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরছেন বিজয়। রেস শুরুর আগে সার্কিটে বিজয়কে স্বাগত জানান অজিত নিজেই।
রেসিং সার্কিটে যাওয়ার আগে লন্ডনে বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা সারথকুমারের সঙ্গে দেখা যায় তৃশাকে। পরে রাধিকা তৃশার সঙ্গে একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়। দুজনই একটি সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন। সেখান থেকেই তারা রেসে যান। এর আগে রেসের আয়োজনকে সামনে রেখে অজিতের সঙ্গেও দেখা করেছিলেন রাধিকা।
এর আগে ২০২৬ সালের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃশা। সেখানে বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গেও তাকে দেখা যায়। বিজয়ের প্রথম বক্তব্যের সময় আবেগাপ্লুত হয়ে পড়তেও দেখা যায় তাকে। আগস্টে তামিলনাড়ুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃশা। বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার মা শোভা চন্দ্রশেখরের সঙ্গে দেখা হলে তাকে জড়িয়ে ধরেছিলেন তৃশা।
২০০৪ সালে ধরনীর ব্লকবাস্টার সিনেমা ‘গিল্লি’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন বিজয় ও তৃশা। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ ও ‘লিও’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন তারা। তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন দুজন।
বিজয় ও তৃশার বন্ধুত্ব এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া নিয়ে প্রায়ই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে, দুজনের কেউই কখনো এসব গুঞ্জন নিশ্চিত করেননি। বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম ২৬ বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলে বিষয়টি আরও আলোচনায় আসে। আবেদনে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের কথিত সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পরে সেই আবেদন প্রত্যাহার করে নেন সংগীতা।এদিকে, দক্ষিণী সিনেমায় ব্যস্ত সময় পার করছেন তৃশা। তার সাম্প্রতিক সিনেমার মধ্যে রয়েছে ‘বিদামুইয়ারচি’, ‘গুড ব্যাড অগলি’ এবং মণি রত্নমের ‘থাগ লাইফ’। ২০২৬ সালে ‘কারুপ্পু’ সিনেমাতেও দেখা গেছে তাকে। সামনে রয়েছে ‘বিশ্বম্ভরা’, ‘রাম’ ও ‘দ্বিত্ব’। পাশাপাশি নতুন একটি তামিল সাইকোলজিক্যাল হরর সিনেমার কাজও সম্প্রতি শুরু করেছেন তিনি।