ঢাকা ও কলকাতা; দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ নুসরাত ফারিয়া। অভিনয় থেকে উপস্থাপনা; বিভিন্ন মাধ্যমে নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রী এবার একটি সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণে আলোচনায়। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত আর এতে থাকছেন না তিনি। তবে সিনেমা ছাড়ার কারণ নিয়ে ফারিয়া ও নির্মাতার বক্তব্যে পাওয়া গেছে ভিন্নতা।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’। ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের টানাপোড়েন উঠে আসবে সিনেমাটির গল্পে। এতে এক তরুণ ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। গল্পে সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন এই চরিত্রটি।
অভিনয় থেকে উপস্থাপনা—বিভিন্ন মাধ্যমে নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রী
সিনেমা থেকে সরে যাওয়ার বিষয়ে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, “নির্মাতা রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল। এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।”
নিজের অংশের শুটিং না হওয়ার কারণও জানান অভিনেত্রী। তিনি বলেন, “শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”
অন্যদিকে, নুসরাত ফারিয়ার সিনেমা ছাড়ার বিষয়ে নির্মাতা রায়হান খানের বক্তব্য কিছুটা আলাদা। গণমাধ্যমকে তিনি বলেন, “ফারিয়ার সঙ্গে সিনেমা ছাড়ার বিষয় নিয়ে আমার কোনো আলাপ হয়নি। তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে সিনেমাটির বাকি শুটিং আটকে আছে। এর মধ্যে ফারিয়ার সঙ্গে সিনেমার বিষয় নিয়ে কথা হয়নি। মনে হচ্ছে, কোনো অভিমান থেকে ফারিয়া সিনেমাটি ছাড়ার বিষয়টি বলতে পারেন।”
‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ অনেকে। নির্মাতা এর আগে জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। তবে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থেমে যায়।
নতুন সিনেমা ‘লজ্জা’য় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া, শুটিং শুরু ২০ সেপ্টেম্বর
এর মধ্যেই নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি বলেন, “‘লাপাত্তা’ করতে গিয়ে খুব ভালো লাগছে। দীর্ঘ বিরতির পর আবার নিয়মিতভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো—এটা আমার কাছে বিশেষ অনুভূতি। এফডিসি আমার চিরচেনা জায়গা। কদিন আগেই সেখানে গানের শুটিং করেছি, এবার ‘লাপাত্তা’র শুটিং করেছি। মেহেদী হাসান হৃদয় এই সময়ের একজন মেধাবী নির্মাতা। দর্শকের পালস বোঝার চেষ্টা করেন তিনি। সবচেয়ে ভালো লেগেছে গল্পটা।”
শুধু ‘লাপাত্তা’ নয়, নতুন আরেকটি সিনেমাতেও যুক্ত হয়েছেন ফারিয়া। গত সপ্তাহে ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনও অভিনয় করবেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ নুসরাত ফারিয়া
‘লজ্জা’য় নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন ফারিয়া। তিনি বলেন, “এখনই কিছু বলতে চাচ্ছি না আমার অভিনীত চরিত্র বা সিনেমাটির গল্প নিয়ে। তবে এটুকু বলতে পারি, এখন পর্যন্ত আমাকে এ ধরনের গল্পে বা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।”
একটি সিনেমা থেকে সরে দাঁড়ালেও নতুন কাজ নিয়ে ব্যস্ততা কমছে না নুসরাত ফারিয়ার। ‘ট্রাইব্যুনাল’ নিয়ে তার সিদ্ধান্তের পেছনের কারণ কী, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে যে ফারাক তৈরি হয়েছে, সেটিই এখন বাড়তি আগ্রহের বিষয় হয়ে উঠেছে।