রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্র উপেক্ষা করে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী জানায়, ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা অবস্থায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হয়। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সি স্টেট-৪ পরিস্থিতিতে কয়েক ঘণ্টার অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ভাসমান এফবি নাঈম ট্রলারটি শনাক্ত করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ট্রলারসহ ১২ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া মাছ ধরার সময় আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসাও দেয় নৌবাহিনী। পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রলার ও উদ্ধার হওয়া জেলেদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের ভাষ্য অনুযায়ী, এফবি নাঈম গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। পরদিন রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি ১২ জেলেসহ সমুদ্রে ভাসতে থাকে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছে। দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক উদ্ধার কার্যক্রমেও নৌবাহিনী নিয়মিত ভূমিকা রেখে চলেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102