ফুটবল মাঠে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো মহাতারকাদের একসাথে দেখার সুযোগ সাধারণত ফিফা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচ ছাড়া মেলে না।
তবে মাঠের সেই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে জনপ্রিয় খেলনা প্রস্তুতকারক ব্র্যান্ড ‘লেগো’। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের নতুন বিজ্ঞাপনে এই চার ফুটবল জাদুকরকে একই ঘরে হাজির করেছে তারা।
আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন থেকে, যার যৌথ আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করেই লেগো তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছে।
সেখানে দেখা যায়, মেসি, রোনালদো, এমবাপ্পে এবং ভিনিসিয়ুস অত্যন্ত আনন্দঘন পরিবেশে লেগোর জনপ্রিয় প্লাস্টিক ব্লক দিয়ে পরম যত্ন আর নিখুঁত কারুকার্যে বিশ্বকাপের সোনালী ট্রফিটি তৈরি করছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরপরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। লেগো তাদের এই বিশেষ পোস্টের ক্যাপশনে লিখেছে— ‘অবিশ্বাস্য, আইকনিক, বীরত্বগাথা।’
ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২৬ লাখেরও বেশি মানুষের ‘লাইক’ কুড়িয়েছে।
এদিকে, বিশ্বকাপের এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে লেগো বড় এক চমকও ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি শীঘ্রই এই চার ফুটবল মহাতারকার আদলে ‘মিনি ফিগার’ বাজারে ছাড়তে যাচ্ছে। এর মধ্যে মেসি এবং রোনালদোর জন্য থাকছে বিশেষ ‘ফুটবল লিজেন্ডস’ সেট।