রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার চলছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় শুরু হওয়া প্রথম অস্ত্রোপচার সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। তবে শারীরিক জটিলতা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু করা হয়, যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এ জন্য মির্জা আব্বাসের পরিবার আকাশপথে রোগী পরিবহনের বিশেষ বিমানসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শুক্রবার দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102