ঢাকা-৬ আসনের আওতাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের জুবিলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আলোচনা চলছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেখানে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন উপস্থিত ছিলেন। তবে তারা কোন পক্ষের কিংবা ঠিক কী কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ভিডিওতে এক বয়স্ক ব্যক্তিকে একজন তরুণকে কঠোর ভাষায় শাসাতে দেখা যায়। একই সঙ্গে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে প্রশ্ন করেন, তাদের উপস্থিতিতে ওই তরুণ কীভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেন।
এ সময় ঘটনাস্থলে থাকা আরেক ব্যক্তির পরিচয় জানতে চান ওই বয়স্ক ব্যক্তি। জবাবে ওই ব্যক্তি নিজেকে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে পরিচয় দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।