বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

কোটি টাকার অডিটোরিয়াম এখন ভূতুড়ে ঘর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

একসময় যে ভবনের দেয়ালগুলো মুখর থাকত নাটক, গান আর গুণীজনদের পদচারণায়, সেই বোরহানউদ্দিন অডিটোরিয়াম আজ চরম অযত্ন আর অবহেলায় নিস্তব্ধ।

নির্মাণের পর কোনো সংস্কার না হওয়ায় একসময়ের প্রাণোচ্ছল এই সাংস্কৃতিক কেন্দ্রটি এখন জরাজীর্ণ হয়ে পরিণত হয়েছে ভূতুড়ে ঘরে। ২০০৯-১০ অর্থবছরে ভোলা জেলা পরিষদের অধীনে প্রায় এক কোটি আট লাখ টাকা ব্যয়ে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রবেশমুখে এই অডিটোরিয়ামটি নির্মাণ করা হয়।

৬০০ আসন বিশিষ্ট ও অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ এই মিলনায়তনটি ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা ও সেমিনারে মুখরিত থাকলেও, সুষ্ঠু তদারকির অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এর জানালা-দরজা ভেঙে গেছে এবং ভেতরের মহামূল্যবান সরঞ্জামগুলো নষ্ট হয়ে পড়ে আছে। চোখের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনার করুণ পরিণতিতে হতাশ স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা। সাংস্কৃতিক কর্মী রাজীব রতন দে আক্ষেপ প্রকাশ করে বলেন, অডিটোরিয়ামটি চালু থাকলে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন অনেক বেশি চাঙ্গা থাকত।

একইভাবে হতাশা ব্যক্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, একটি বড় সভা বা সেমিনার করার মতো নির্দিষ্ট কোনো জায়গা এখন আর তাদের নেই; অথচ এই অডিটোরিয়ামটি একসময় মানুষের বিনোদন ও সমাবেশের এক নৈসর্গিক স্পট ছিল।

মূলত অর্থসংকটের কারণেই অডিটোরিয়ামটির এমন বেহাল দশা বলে জানিয়েছেন বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার উল ইসলাম। তিনি জানান, ভবনটি সংস্কারের জন্য বিশাল অর্থের প্রয়োজন যা কলেজের পক্ষে বহন করা সম্ভব নয়। তবে সংস্কারের জন্য ভোলা-২ আসনের সংসদ সদস্যের ডিও লেটারসহ নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরে আবেদন করা হয়েছে।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন আশ্বস্ত করে জানিয়েছেন, অডিটোরিয়াম সংস্কারের জন্য জেলা পর্যায়ে আবেদন পাঠানো হয়েছে; মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ শুরু হবে।

অতিসত্বর সংস্কারের উদ্যোগ না নিলে বোরহানউদ্দিনবাসী চিরতরে হারাতে পারে সভা-সমাবেশ ও সংস্কৃতি চর্চার এই একমাত্র স্থানটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102