মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর অনুষ্ঠিত জানাজা শেষে পরানপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জানাজা শেষে আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।
এর আগে মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।