বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)-এর কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির অংশ হিসেবে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ কর্মসূচির আওতায় মোট ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশকে আরও সহায়ক করে তুলতেই বিআইএফপিসিএলের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জনাব মোঃ হাবিবুর রহমান; গৌরম্ভা ইউনিয়ন পরিষদের প্রশাসক; খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান জোয়ারদার এবং বিআইএফপিসিএলের হিউম্যান রিসোর্স অফিসার জনাব আনোয়ারুল আজিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জাহিদ হাসান বলেন,“শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের সুশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।”
তিনি বলেন, বিআইএফপিসিএল শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তারই ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, “প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়ায়। আমরা চাই, অর্থনৈতিক বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
প্রধান অতিথি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা বিআইএফপিসিএলের এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
উল্লেখ্য, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ-এর মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে ঘিরে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিবার এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।