রামদা হাতে মানসিক ভারসাম্যহীন এক যুবকের তাণ্ডবে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার ঘটনা ঘটেছে। তার ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস না পাওয়ায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহের নান্দাইল-কানুরামপুর-মধুপুর আঞ্চলিক সড়কের নাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রামদা হাতে সড়কের ওপর অবস্থান নেন ওই যুবক। একপর্যায়ে তিনি সড়কের ওপর কলাগাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় অস্ত্র উঁচিয়ে পথচারী ও চালকদের দিকে তেড়ে গিয়ে ভয়ভীতি দেখাতে থাকেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কৌশলে ওই যুবককে অবরুদ্ধ করে আটক করা হয়। পরে সড়ক থেকে কলাগাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক যুবকের নাম রমজান মিয়া (৩২)। তিনি ওই এলাকার কলুম উদ্দিন মেম্বারের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, রমজান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার অস্বাভাবিক আচরণের কারণে পরিবারের সদস্যরা সাধারণত তাঁকে বাড়িতে রাখতেন। মাঝে মধ্যে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ আবার অস্বাভাবিকতা বেড়ে যায়।
শনিবার সকালে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি ঘর থেকে অস্ত্র নিয়ে সড়কে চলে আসেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম বলেন, অস্ত্রধারী যুবকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কোনো ধরনের হতাহত ছাড়াই তাকে আটক করা হয়েছে। পরে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।