বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার (২১ আগস্ট) এক চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি।
চিঠিতে দ্রৌপদী মুর্মু লেখেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।’
ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য। অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর দুই দেশের বন্ধন গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।’
দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান ভারতের রাষ্ট্রপতি।
অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। একই সঙ্গে তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।