শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়’—বাগেরহাটে ডা. শফিকুর রহমান বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২ প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার বন্যা নিয়ে দুঃসংবাদ গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

‘গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়’—বাগেরহাটে ডা. শফিকুর রহমান

শেখ বাকি বিল্লাহ, শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমন-পীড়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বর্তমান পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। অথচ ‘ভুতুড়ে বিলের’ কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

রাজনৈতিক সহিংসতার বিষয়ে জামায়াত আমির বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না। এখনও স্বাধীন আছে বলে আমি মনে করি না।’ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102