বৃহস্পতিবার (২৫ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তারে সহায়তা, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে বাহিনীটি মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুন বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহেশখালী উপজেলার মুদিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।