শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

আইএফসিবির দশম বার্ষিক সাধারণ সভা, নতুন নেতৃত্বে নজরুল ইসলাম ও নেয়ামত উল্ল্যাহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের শরীরচর্চা, খেলাধুলা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইন্টারন্যাশনাল ফিটনেস ক্লাব বসুন্ধরা (আইএফসিবি)-এর দশম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৮ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বর্ণিল আয়োজনে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত নগরীতে এ সভা, নির্বাচন এবং নানা সামাজিক-সাংগঠনিক কর্মসূচি সম্পন্ন হয়।

২০১২ সালে বসুন্ধরা আবাসিক এলাকার কয়েকজন ক্রীড়াপ্রেমী ও স্বাস্থ্যসচেতন ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফসিবি বর্তমানে ১৫ বছর পার করে ১৬তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সঙ্গে যুক্ত সকল সদস্যকে সম্মান জানিয়ে এবারের আয়োজন শুরু হয়। পাশাপাশি প্রতিষ্ঠাতাদের মধ্যে ইঞ্জিনিয়ার শাখাওয়াত, আক্তার দেওয়ান, ডা. মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে স্মরণ করা হয়। এবারের বার্ষিক সভার মূল প্রতিপাদ্য ছিল ফিটনেস সবার আগে, বন্ধুত্ব সবার জয়।

সংগঠনের ৩৩ জন স্থায়ী সদস্যের অধিকাংশের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন করা হয়। এতে প্রতিষ্ঠাকালীন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সর্বাধিক ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রঞ্জু, অর্থ সম্পাদক হিসেবে ফজলুর রহমান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে শেখ মিলন হোসেন দায়িত্ব পান। পূর্ণাঙ্গ ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর অর্পণ করা হয়েছে।

বিদায়ী সভাপতি শিল্পপতি আরিফ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, দায়িত্ব গ্রহণের পর দেশের নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সদস্যদের সহযোগিতায় তিনি সংগঠনকে সক্রিয় রাখতে কাজ করেছেন। তার সময়ে সুন্দরবন ভ্রমণ, আইএফসিবি বনাম উত্তরা ৪০ প্লাস ক্লাব প্রীতি ম্যাচ, বৈশাখী উৎসব এবং ২০২৬ সালের শুরুতে ক্লাব পিকনিক আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও ফিটনেসের পাশাপাশি আইএফসিবিকে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও ভূমিকা রাখতে হবে। মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সংগঠনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিন দিনের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় স্থায়ী সদস্যরা নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহর ভূয়সী প্রশংসা করেন। সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বর্তমানে ৩৩ জন স্থায়ী সদস্যের পাশাপাশি প্রায় দেড় শতাধিক অতিথি সদস্য রয়েছেন। ভবিষ্যতে বিশেষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য অতিথি সদস্যদের স্থায়ী সদস্যপদ দিয়ে সংগঠনের পরিধি আরও বাড়ানো হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সদস্যদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আয়োজনের সব সীমাবদ্ধতা তার ব্যক্তিগত, তবে সফলতা সবার সম্মিলিত প্রয়াসের ফল। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তিনি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সমৃদ্ধ আইএফসিবি গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102