ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে নূর মোহাম্মদ (২৫) নামে এক হাজতি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুরের দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী সাইফুল ইসলাম জানান, নুর মোহাম্মদ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারা হাসপাতালে নেয়া হয়। পরে ঢামেক হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নূর মোহাম্মদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ রতন মিয়া। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।