রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত ওই যুবক কিশোর গ্যাং এলেক্স গ্রুপের লিডার ইমন ওরফে এলেক্স ইমন।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ‘এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। তখনই ইমনকে ছুরি মারা হয়।’
পুলিশের দাবি, ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. সাইফ, তুহিন ও মো. রাব্বি কাজী। তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য। এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, এলেক্স ইমন রায়ের বাজার এলাকার ‘চিহ্নিত এক কিশোর গ্যাংয়ের হোতা’। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
রায়েরবাজার এলাকায় ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হয়।
একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে একটি দল আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যান, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছন্ন হয়ে যায়। এ ছাড়া হাঁটু, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।