বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের কর্মসূচি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- স্বাধীনতা দিবসের র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ। এছাড়া শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং স্থানীয় ও আঞ্চলিক পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন পরিচালনার কথাও জানানো হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনটির সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এসব কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। শেষে মহান আল্লাহর কাছে সকল তৎপরতা কবুলের প্রার্থনা জানানো হয়। বার্তাটি পাঠিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102