জামায়াত কখনও দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সত্যিকার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এ দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। এই ঘটনার আসল রহস্য লুকাতে সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
জামায়াত আমির বলেন, জাতি আজ প্রকৃত সত্য জানতে চায়। জামায়াত কখনও দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সত্যিকার বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, জাতি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জাতি চায় দেশে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না। দেশের সব মানুষের প্রতিও আমাদের একই কমিটমেন্ট।
অনুষ্ঠানে পিলখানা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, শহিদ পরিবারের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারাসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।