রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ড হচ্ছে নারীদের শক্তি : মির্জা ফখরুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি, ক্ষমতা। আমরা আমাদের কথা রেখেছি। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারই অংশ হিসেবে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৫৯০ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ মাদ্রাসা মাঠে উপরিউক্ত কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন প্রমুখ।

তিনি আরও বলেন, এই ফ্যামিলি কার্ড নারীদের একটি শক্তি ও ক্ষমতা। এই কার্ডটি যে ক্ষমতা দেবে, সে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়ন করতে চান। নারীরা যেন স্বাবলম্বী হতে পারেন, সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা কাজ করতে এসেছি, কাজ করব। কেউ যদি দুর্নীতি করতে চায়, তাকে ছাড় দেওয়া হবে না।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের প্রতিজন নারী এই কার্ড পাবে। এই কার্ডের আওতা থেকে কেউ বাদ পড়বে না। গত সময়ে সামাজিক নিরাপত্তা কার্ড পেতে টাকা দিতে হতো, ফ্যামিলি কার্ড করতে কাউকে কোনো টাকা দিতে হয়নি, হবেও না।

এর আগে মন্ত্রী স্থানীয় কয়েকজন নারীকে দিয়ে কমসূচির উদ্বোধন করেন। উল্লেখ্য, দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প হিসেবে ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102