রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ-নির্যাতন ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ।

রোববার (১ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটা মৌন মিছিল হয়। মিছিলটি অমর একুশের পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনার, নতুন কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অমর একুশের সামনে এসে শেষ হয়।

ভুক্তভোগীর সহপাঠী তানজিবা নাহিয়ান অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, ‘কঠোর বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।’

লোক-প্রশাসন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাদিকা আফরিন বলেন, ‘সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সাক্ষীদের যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

একই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার রাতেই বিভাগের কয়েকজন শিক্ষক ভুক্তভোগীর পাশে ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন।’

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ অভিযুক্তের সনদপত্র বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী ইতোমধ্যে থানায় মামলা করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা ভুক্তভোগীর মানসিক ট্রমা আরও বাড়িয়ে দিচ্ছে।’

এ অবস্থায় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102