পবিত্র রমজান মাস উপলক্ষে আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বিশেষ ব্যবস্থা চালু রাখছে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে ম্যাচ অফিসিয়ালরা খেলা থামিয়ে সংক্ষিপ্ত বিরতি দেবেন।
আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান, যা চলবে এক মাস ধরে।
যুক্তরাজ্যে রমজান চলাকালীন সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সূর্যাস্ত হয়। তাই মূলত বিকেলে অনুষ্ঠিত ম্যাচগুলোতে এই বিরতির প্রয়োজন হতে পারে।
আগের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ চলাকালীন সূর্যাস্ত হলে ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা আলোচনার মাধ্যমে খেলার স্বাভাবিক বিরতির মুহূর্ত (যেমন— গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইন) বেছে নেবেন। ওই সুযোগেই খেলোয়াড়রা ইফতার করতে পারবেন।
তবে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই বিরতিকে কোনোভাবেই দলীয় পানি পানের বিরতি বা কৌশলগত টাইম-আউট হিসেবে ব্যবহার করা যাবে না। খেলা চলমান থাকা অবস্থায় হঠাৎ খেলা থামানো হবে না, বল মাঠের বাইরে গেলেই কেবল এই সুযোগ দেওয়া হবে।
২০২১ সালের এপ্রিলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। সেবার লেস্টারের ওয়েসলি ফোফানা ও প্যালেসের শেইখু কুয়াতে খেলা থামিয়ে তরল পানীয় ও এনার্জি জেল গ্রহণ করে রোজা ভেঙেছিলেন।
বর্তমানে প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ, উইলিয়াম সালিবা, রায়ান আইত-নুরি এবং আমাদ দিয়ালোর মতো অনেক তারকা মুসলিম ফুটবলার খেলছেন।