বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।
নতুন সরকার গঠনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে- তা নিয়ে জোর আলোচনা চলছিল। নির্বাচনের আগেই এ বিষয়ে সম্ভাব্য স্থান নির্ধারণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একাধিক স্থানের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেখানে অবস্থান করছেন। তিনি বাসভবন ত্যাগ করলে ভবনটি সংস্কার করে প্রধানমন্ত্রীর উপযোগী করে তোলা হবে।
এর আগে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর নতুন প্রধানমন্ত্রীর আবাস নির্ধারণে পৃথক একটি কমিটি গঠন করা হয়। কমিটি জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকাও পর্যালোচনা করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়।
সবকিছু ঠিক থাকলে, সংস্কারকাজ শেষে যমুনাতেই উঠবেন দেশের নতুন প্রধানমন্ত্রী।