সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

জুলাই সনদ নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী রীয়াজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জুলাই সনদ নাগরিকের ধর্মীয় অধিকার, সাম্য ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে। এই সনদের মাধ্যমে এমন এক রাষ্ট্র গঠিত হবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের কারণে রাষ্ট্র কোনো ব্যক্তির সঙ্গে বৈষম্য করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘একটি গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার স্বপ্নে আমাদের রক্তাক্ত পথ অতিক্রম করতে হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে যে সুযোগ এসেছে তা আমরা হারাতে চাই না। ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। আর সেই লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি।’

তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ হলেও দীর্ঘদিন তাদের সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশ যেন অতীতের মতো না হয় সে জন্য বিবেকের তাড়নায় গণভোটে অংশ নেওয়া জরুরি।

আলী রীয়াজ বলেন, বিগত সময়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সবকিছু নির্ধারিত হতো। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। নির্বাচন কমিশন বা পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নাম থাকলেও বাস্তবে তা সরকারপ্রধানের ইচ্ছাতেই হতো।

তিনি বলেন, এই ব্যবস্থা গণতান্ত্রিক বিকাশে বড় বাধা। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন ও ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102