সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

সোমবার (৪ মে) বেলা ১১টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বোর্ডের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

মতবিনিময় সভার উপস্থাপনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রমের সার্বিক অবস্থা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। সভায় সদর দপ্তরের কর্মকর্তাগণ, মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য তাদের বস্তুনিষ্ঠ মতামত তুলে ধরেন। তারা আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস হ্রাস, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নে গড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের আওতাধীন অন্যতম সফল প্রতিষ্ঠান। আরইবি প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ এর সঙ্গে কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচিসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন জড়িত। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যে মডেলে পরিচালিত হচ্ছে, তা প্রচলিত মডেলের মধ্যে একটি উৎকৃষ্ট মডেল হিসেবে প্রমাণিত। তাই এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।

তিনি গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের নির্দেশনা দেন। যেসব পবিস এখনো লাভজনক অবস্থায় পৌঁছাতে পারেনি, সেগুলোকে লাভজনক করার জন্যও তিনি সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পল্লী বিদ্যুতায়নের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তে গড়ে ওঠা পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি ব্যতিক্রমধর্মী সফল প্রতিষ্ঠান, যা সরকারি ভর্তুকি ছাড়াই ক্রস-সাবসিডির মাধ্যমে পরিচালিত হচ্ছে—এটি একটি অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, লাইফলাইন গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের সন্তুষ্টিই অগ্রাধিকার। গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে সেবা বৃদ্ধি এবং লোডশেডিংসহ অন্যান্য বৈদ্যুতিক সমস্যার প্রকৃত কারণ গ্রাহকদের জানাতে তিনি নির্দেশনা দেন।

সভার সভাপতি মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, আরইবি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী এবং সরকারের চাহিদা পূরণে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রম পরিচালনার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) অধ্যাদেশ জারি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেন।

আজ (৪ মে) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102