চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেটের আসর। আগামী ৩ অক্টোবর দেশের চারটি ভেন্যুতে শুরু হবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড। আসরে অংশ নিচ্ছে দেশের আটটি বিভাগীয় দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এবারের আসরে দেশের প্রধান ক্রিকেট ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট চারটি ম্যাচ।
প্রায় সাত সপ্তাহ ধরে চলবে এবারের জাতীয় লিগ। ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টের এবারের আয়োজন।
৩ অক্টোবর উদ্বোধনী রাউন্ডে মিরপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা। একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।
টুর্নামেন্টে প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলের ম্যাচসংখ্যা হবে সাতটি। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকেই দেওয়া হবে জাতীয় লিগের শিরোপা।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি এবারের জাতীয় লিগের ম্যাচ আয়োজন করবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠ।