উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী তিন দিনও এসব নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে উত্তরাঞ্চলের নদীতীরবর্তী এলাকায় নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগসহ সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও পূর্বাঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির কারণে নদীগুলোর প্রবাহ বাড়ার আশঙ্কা রয়েছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির প্রভাব পড়তে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও বেড়েছে। আগামী তিন দিন এ নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এরপরের দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিনও পানি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দুই দিনে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ নদীগুলোর পানি বিপদসীমার নিচেই থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। মাতামুহুরী নদীর পানি ছিল স্থিতিশীল। তবে গোমতী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি কমতে পারে। এরপর পরবর্তী দুই দিনে আবার পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন এসব নদীর পানি কমতে পারে। পরে দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিনও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তৃতীয় দিনে নদীগুলোর পানি আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারসহ কয়েকটি নদীর পানি বাড়ার বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।