রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

পুলিশের উপস্থিতিতে নারীকে প্রকাশ্যে মারধর, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গেল শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার নারী উদ্যোক্তার নাম জাকিয়া সুলতানা। তিনি ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে জাকিয়া সুলতানাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় পেছন থেকে এক যুবক তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক তাকে কিল-ঘুষি ও মারধর করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওই নারীকে রক্ষায় এগিয়ে আসতে দেখা যায়।

জাকিয়া সুলতানার অভিযোগ, দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জের ধরে তাকে প্রকাশ্যে হেনস্তা ও মারধর করা হয়েছে। তার দাবি, প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টিকে কেন্দ্র করে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল।

তিনি বলেন, তার প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী কাজ করছেন। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এসব নারীর কর্মসংস্থানও ঝুঁকিতে পড়বে। এ ঘটনায় তিনি মামলা ও মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।

তবে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই নারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, ওই নারী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ভাইরাল ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102