ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ভেতরে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে সিয়াকুল (৩৮) নামে এক বাগান মালির মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকারি স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রোকেয়া হল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী সুশীল জানান, সিয়াকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাগানের মালি হিসেবে কর্মরত ছিলেন। সকালে হলের ভেতরে একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় হঠাৎ একটি বড় কাঁঠাল তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সিয়াকুলের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার দেবদূত গ্রামে। তিনি রয়জুলের ছেলে। চাকরির সুবাদে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।