রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় আহত চীনা নাগরিকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লি চং ইয়ং (৪৮) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভাটারা এলাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার এসআই মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতের মাথা ও শরীরের ডান পাশে গুরুতর আঘাত লাগে। মাথার খুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপচারও করা হয়েছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, লি চং ইয়ং নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদীর উদ্দেশে যাওয়ার সময় উত্তর ৩০০ ফিট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের বাড়ি চীনে। তার পাসপোর্ট নম্বর CHN-6367184 এবং বাবার নাম লি ফাংদি। কর্মসূত্রে তিনি নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকায় বসবাস করছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102