বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধের জলছাপ ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল রামিসা হত্যাকাণ্ড : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর ৯৫ কোটির সরঞ্জাম কেনা হচ্ছে সোশ্যাল মিডিয়া নজরদারির জন্য মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে যেভাবে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ আয়োজন ঢাকাসহ পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী মুহিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ নারায়ণগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যেসব জেলায় বাড়তে পারে মৃদু তাপপ্রবাহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

গরম যেন কোনোভাবেই কমছে না। তীব্র ভ্যাপসা গরমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একটু ছায়া কিংবা বৃষ্টির দেখা মিললেই স্বস্তি খুঁজছেন মানুষ। তবে সেই বৃষ্টি যেন এখন অধরা। ঢাকা, রাজশাহী ও খুলনাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এ তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়তে পারে।

তিনি বলেন, এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রোববার বা সোমবারের দিকে এর বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রা হলে তা মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রির কম হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২৫ শতাংশের কম এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

যেসব এলাকায় বৃষ্টিপাত হবে, সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে পথচারী ও শ্রমজীবী মানুষদের।

আবহাওয়া অধিদপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, দুপুর ২টার মধ্যে কুষ্টিয়া, রাজবাড়ী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত বা বজ্রবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে—৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102