রাজধানীর খিলগাঁও থানাধীন ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে শরীফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, খবর পেয়ে রাত দেড়টার দিকে ঝিলপাড় এলাকার কুদ্দুস মিয়ার বাসা থেকে শরীফের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, শরীফ নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের ভাই স্বপন জানান, শরীফ পেশায় ব্যাগ ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক দেনা-পাওনা ও আর্থিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশাগ্রস্ত হয়ে সবার অগোচরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের ধারণা।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গাবদেরগাঁও এলাকায়। শরীফ সোলেমান মিয়ার ছেলে। বর্তমানে তিনি খিলগাঁও ঝিলপাড় এলাকার ১৪৪২ নম্বর বাসায় কুদ্দুস মিয়ার বাসায় ভাড়া থাকতেন। পরিবারে তারা পাঁচ ভাই ও এক বোন। প্রায় দেড় বছর আগে শরীফ বিয়ে করেন, তবে তাদের কোনো সন্তান নেই।