নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নয় পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা (গ্রীষ্মকালীন সেশন) ঢাকা মহানগরীর তিনটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলো ছিল শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়।
পরীক্ষা চলাকালে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পাঁচ পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। একই কেন্দ্রে আরও একজন পরীক্ষার্থী প্রক্সি হিসেবে অংশগ্রহণের সময় ধরা পড়েন।
এ ছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন।
এসব গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, নৌপরিবহন অধিদপ্তর ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে।