শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

এপ্রিলে দুটি তীব্র তাপপ্রবাহসহ হতে পারে ঘূর্ণিঝড়ও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়।

গত বুধবার (১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্রের আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া কালবৈশাখির দাপটও দেখা দিতে পারে এ মাসে। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত মার্চে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বিগত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102