বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ এবং সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের কোনো প্রভাব বা প্রতিফলন দেখা যাচ্ছে না।
রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘এই সংসদ কীভাবে গঠিত হয়েছে তা আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান কার্যক্রম দেখলে মনে হয়, এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেন কখনো হয়নি।’
নাহিদ ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রমের আগে আলোচনার বিষয় হওয়া উচিত। তার মতে, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে সংসদে সঠিক ও কার্যকরী আলোচনা না হলে জনগণ ও দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, ‘যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেতে হবে। সংসদে এর সুষ্ঠু সমাধান বের করা প্রয়োজন। এরপরই নিয়মিত প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা যুক্তিসংগত হবে।’
বিরোধীদলের এই শীর্ষ নেতা জানান, সংসদের নিয়ম অনুযায়ী ইতোমধ্যেই তারা গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য একটি নোটিশ জমা দিয়েছেন।
তিনি স্পিকার ও সংসদে উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রথমেই বিধি অনুসারে নোটিশ দিয়েছি। তাই আমাদের অনুরোধ, জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আগে আলোচনার ব্যবস্থা করা হোক। এটি দেশের জন্য এবং সংসদের প্রাধান্যের স্বার্থে জরুরি।’