দীর্ঘ প্রতীক্ষার অবসান! ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল ৭ ফেব্রুয়ারি। ক্রিকেটের এই মহাযুদ্ধের দামামা বাজাতে প্রস্তুত মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখড়ে স্টেডিয়াম।
বর্ণিল আলোকসজ্জা আর তারকাখচিত পারফরম্যান্সে সাজানো হয়েছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান, যা দর্শকদের উপহার দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক থাকছে ট্রফি উন্মোচনে। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এবার আকাশপথ থেকে স্টেডিয়ামের মাঠে নেমে আসবে বিশ্বকাপের জ্বলজ্বলে ট্রফিটি! এক দুঃসাহসিক জেটপ্যাক পারফর্মার ট্রফিটি নিয়ে সরাসরি আকাশ থেকে ভেল্কি দেখিয়ে মাঠে অবতরণ করবেন।
সেই রোমাঞ্চকর মুহূর্তে ট্রফিটি গ্রহণ করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। মঞ্চে উপস্থিত থাকবেন ২০টি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধি হিসেবে ২০ জন তরুণ অ্যাম্বাসেডর, যারা সম্মিলিত কণ্ঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
ট্রফি আসার আগেই মুম্বাইয়ের মাঠকে রঙিন করতে পারফর্ম করবেন জনপ্রিয় র্যাপার বাদশা এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহী। তাদের দুর্দান্ত পারফরম্যান্স আর লেজার শো-এর ঝলকানিতে স্টেডিয়ামের পরিবেশ হবে উৎসবমুখর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল ম্যাচের টিকিটধারী দর্শকরাই এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন।