বাংলাদেশের ফুটবল ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি গোলরক্ষক রঞ্জিত দাস আর নেই। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
রঞ্জিত দাস আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকার ফুটবল মাঠ কাঁপিয়েছেন। ১৯৫৮ সালে তার অসাধারণ অধিনায়কত্বে আজাদ স্পোর্টিং প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়।
১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি নিয়মিতভাবে তৎকালীন পূর্ব পাকিস্তান দলের গোলবার সামলেছেন। তার অসাধারণ রিফ্লেক্স এবং সাহসিকতা তাকে সমসাময়িক সেরা গোলরক্ষকদের কাতারে নিয়ে গিয়েছিল।
ফুটবলের পাশাপাশি তিনি হকি ও ক্রিকেটেও সক্রিয় ছিলেন। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের হয়ে হকি লিগে অংশ নিয়েছেন এবং ক্রিকেটেও বিশেষ পদচারণা ছিল। অবসরের পর সিলেটে তিনি নতুন প্রজন্মের ফুটবল প্রতিভা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সিলেটের ক্রীড়া ব্যক্তিত্বরা তাকে ‘মাঠের অতন্দ্র প্রহরী’ হিসেবে স্মরণ করছেন। বার্ধক্যজনিত নানা জটিলতা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণে ক্রীড়া সংগঠক, সাবেক সতীর্থ এবং অগণিত গুণগ্রাহী শোক প্রকাশ করেছেন।