সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন করবেন। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। চোখের সামনেই প্রাণবন্ত মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তবে হৃদয়ে আগলে রাখা সেই ইচ্ছা আর মেয়ের স্মৃতিকে তো মুছে ফেলা যায় না!

কারিনা আজ পাশে নেই ঠিকই, রয়ে গেছে তার পাসপোর্টটি। মেয়ের সেই অপূর্ণ স্বপ্ন আর স্মৃতিচিহ্নটি সঙ্গে নিয়েই এবার ওমরাহ পালন করতে পবিত্র নগরী মক্কায় হাজির হয়েছেন শোকার্ত বাবা।

কারিনাকে নিয়ে ওমরাহ পালনের পরিকল্পনাটি গত বছর থেকেই করছিলেন কায়সার হামিদ। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই হঠাৎ নিভে যায় কারিনার জীবনপ্রদীপ। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক মাস আগে মারা যান তিনি।

মেয়ের সেই অপূর্ণ ইচ্ছাকে হৃদয়ে ধারণ করেই এবার কাবা শরিফে গিয়েছেন কায়সার হামিদ। মক্কা থেকে সামাজিক মাধ্যমে কারিনার পাসপোর্ট হাতে এক আবেগঘন ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কারিনা কায়সারকে নিয়ে আল্লাহর ঘরে আসার প্ল্যান গত বছর থেকেই করা হয়েছিল… কিন্তু সে হঠাৎ করে সবার আগেই আল্লাহর কাছে চলে গেছে।’

মেয়ের উপস্থিতি না থাকলেও বাবা বিশ্বাস করেন, আত্মিকভাবে কারিনা তার পাশেই ছিল। আবেগপ্লুত কায়সার হামিদ লেখেন, ‘স্বপ্নে দেখেছিলাম কারিনা আমার সাথে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করছে। তাই আমার বিশ্বাস কারিনা আমাদের সাথেই ওমরা করেছে। তার পাসপোর্টটি সর্বক্ষণ আমাদের সাথেই ছিল।’

উল্লেখ্য, প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে খুব অল্প সময়েই তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। পরবর্তীতে নাটকে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও প্রশংসিত হন তিনি। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছিলেন এই তরুণ প্রতিভা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102