উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা মারা গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন গুজব বলে জানিয়েছেন তার একমাত্র মেয়ে তানি লায়লা। তিনি জানিয়েছেন, রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভুয়া খবর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তানি। একই সঙ্গে রুনা লায়লার ভক্ত-অনুরাগীদের এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানান তিনি।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা তানি অভিযোগ করেন, সামান্য অর্থ উপার্জনের আশায় কিছু ব্যক্তি রুনা লায়লার মৃত্যুর খবর ছড়িয়ে দিচ্ছেন। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
তানি বলেন, ব্যক্তিগতভাবে তিনি এসব ভুয়া কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। একই সঙ্গে রুনা লায়লাকে অনুসরণকারী সবাইকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান।
নিজের পোস্টে তানি লিখেছেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’
মায়ের মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এমন গুজব ছড়িয়ে পড়ায় কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তারা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।’
গণমাধ্যমের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তানি। রুনা লায়লাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করে যথাযথ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন তিনি।
দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে রুনা লায়লা উপমহাদেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে মৃত্যুর মতো স্পর্শকাতর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় পরিবারের জন্য বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক বলেও মনে করছেন তার মেয়ে।
এদিকে সাম্প্রতিক সময়েও সংগীতের বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান পরিবেশন করেন তিনি।
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও অংশ নেন এই শিল্পী। পাশাপাশি বাছাই করা কয়েকটি স্টেজ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেছেন রুনা লায়লা।