প্রতিদিনের মতো রাতে ময়লা পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। হঠাৎ তার চোখে পড়ে দুটি প্লাস্টিকের বাটির ওপর। কাছে যেতেই থমকে দাঁড়ান তিনি। বাটি দুটির ভেতরে ছিল একটি ছেলে ও একটি মেয়ে নবজাতকের নিথর দেহ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে, নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে নবজাতক দুটির মরদেহ পাওয়া যায়।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, “প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।
বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন উল ইসলাম জানান, নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়। তাদের পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।