কানাডার সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের মধ্যে দুই দেশের সীমান্তবর্তী ঐতিহাসিক জলাশয় ‘লেক অন্টারিও’-এর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) হোয়াইট হাউজের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত ‘অবিলম্বে কার্যকর’ হবে।
এই নামকরণের মাধ্যমে কানাডাকে কী বার্তা দেওয়ার চেষ্টা করছেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্কের সমালোচনা করেন। তিনি দাবি করেন, কানাডা ‘দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে’।
ট্রাম্প আরো বলেন, “তারা আমাদের সঙ্গে ভালো আচরণ করেনি। কানাডিয়ান কর্মকর্তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন। তারা খুব বাজে লোক। তাই লেকের এই পরিবর্তন- লেক অব আমেরিকা- এমন একটি বিষয় যা নিয়ে আমি আসলে দীর্ঘদিন থেকেই চিন্তাভাবনা করছিলাম।”
তবে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় কার্নি লেখেন, “আমরা জানি যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে। তাদের বাণিজ্য সম্পর্ক, তাদের পররাষ্ট্রনীতি, তাদের জলাশয়ের নাম। কিন্তু কানাডিয়ানরাও জানে যে বাস্তবতাকে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো একে লেক অন্টারিও বলা- আগেও তা-ই ছিল, এখনও তা-ই এবং ভবিষ্যতেও সমসময় তা-ই থাকবে।”
ট্রাম্পের এই নির্বাহী আদেশটি এমন এক সময়ে এলো, যখন দুই দেশের মধ্যেকার আলোচনা ভেস্তে যাওয়ার কয়েকদিন পেরিয়ে গেছে। ২০ মিলিয়ন ডলার মূল্যের কানাডিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক এড়ানোর জন্য নির্ধারিত ২২ আগস্টের ডেডলাইনের ঠিক কয়েক ঘণ্টা আগে এই আলোচনা ভেস্তে গিয়েছিল।