রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, যা জানাল পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সদস্যদেশগুলো আগ্রহ দেখালে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদও মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন। এদিকে মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে এবারই প্রথম প্রকাশ্যে নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও যৌথ দায়বদ্ধতায় বিশ্বাসী কোনো দেশ চুক্তিতে যোগ দিতে আগ্রহ দেখালে বিষয়টি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে এ অবস্থান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয়, ঢাকা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে কি না। একই সঙ্গে পাকিস্তানের এই নিরাপত্তা উদ্যোগ কূটনৈতিক অঙ্গনেও নেতৃত্ব দিচ্ছে কি না এবং অন্য কোনো দেশ চুক্তিতে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে তাহির আন্দ্রাবি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য শান্তি রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

তিনি বলেন, একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত, যারা যৌথ দায়বদ্ধতা এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার আবেদন করলে তা রিয়াদ ও আঙ্কারার অংশীদারদের সঙ্গে পরামর্শ করে বিবেচনা করা হবে।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কার্যকর বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, চুক্তির সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এখনো বাংলাদেশকে চুক্তিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি নির্ভর করবে সদস্যদেশগুলোর ইচ্ছার ওপর। তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চাইলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার আগে চুক্তির ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনার সময় আসেনি।

মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়। ফলে এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102