বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী যারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপে দুই ম্যাচ শেষ হতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তার পেছনে হুমকি হয়ে দাঁড়িয়ে আছেন বিশ্বের আরও কয়েকজন সেরা গোলদাতা। ফলে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে মেসিকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

এখন পর্যন্ত দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন।

তবে মেসির খুব কাছেই রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের গোলসংখ্যা বাড়িয়ে ৪-এ নিয়েছেন। বিশ্বকাপে মাত্র ১৬ ম্যাচে ১৬ গোল করে তিনি ইতোমধ্যে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। ফ্রান্স যত দূর এগোবে, এমবাপ্পের গোলসংখ্যাও তত বাড়ার সম্ভাবনা রয়েছে।

গোল্ডেন বুটের আরেক শক্তিশালী দাবিদার নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোলসহ দুই ম্যাচে তার গোলসংখ্যাও ৪। বিশ্বকাপে প্রথমবার খেলেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা। জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে ৫৯ গোল করা হালান্ড এখন প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তিনটি করে গোল করেছেন জার্মানির দেনিজ উনদাভ ও কানাডার জোনাথন ডেভিড।

এ ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ২ গোল করে এই দৌড়ে আছেন। প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইন পরবর্তী ম্যাচগুলোতে গোল করলে শীর্ষ লড়াইয়ে যোগ দিতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট লড়াই মূলত মেসি, এমবাপ্পে ও হালান্ডকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তিন তারকার দুর্দান্ত ফর্মের কারণে টুর্নামেন্ট যত এগোবে, এই প্রতিযোগিতা ততই রোমাঞ্চকর হয়ে উঠবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102